• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল ও ভিজিল্যান্স টিমের সমন্বয় সভা

মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।।
Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি :

 

আজ ৩১ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ঝালকাঠি জেলার আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিম-এর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় জেলার নির্বাচন সংক্রান্ত সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ (অবঃ)। সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ মমিন উদ্দিন, রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক, ঝালকাঠি।সভায় আরও উপস্থিত ছিলেন লে. কর্নেল মোঃ ইয়াসির আরাফাত ভুঁইয়া, অধিনায়ক, সেনা ক্যাম্প, ঝালকাঠি; জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ঝালকাঠি; জনাব মোঃ ফরিদুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ঝালকাঠি; ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ আসনের সহকারী রিটার্নিং অফিসারবৃন্দ; আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিম-এর সদস্যরা। এছাড়াও সভায় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সভার শুরুতে সভাপতি জেলা প্রশাসক নির্বাচন সংশ্লিষ্ট ঝালকাঠি জেলার সার্বিক প্রস্তুতি সম্পর্কে মাননীয় নির্বাচন কমিশনারকে অবহিত করেন। তিনি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে গৃহীত প্রশাসনিক ও নিরাপত্তামূলক বিভিন্ন পদক্ষেপের বিস্তারিত তুলে ধরেন।প্রধান অতিথির বক্তব্যে মাননীয় নির্বাচন কমিশনার নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির—ইলেক্টোরাল ইনকোয়ারি ও এডজুডিকেশন কমিটি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মনিটরিং টিম, আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিম-এর কার্যপরিধি, দায়িত্ব ও গুরুত্ব সম্পর্কে সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষা, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনিয়ম দ্রুত চিহ্নিত ও প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে।সভাটি ঝালকাঠি জেলায় একটি গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।


এ বিভাগের আরও সংবাদ