ঝালকাঠি প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ১২৬ নং আসন ঝালকাঠি-২ (ঝালকাঠি-নলছিটি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর প্রধান নির্বাচনী কার্যালয়ের জেলা ও পৌর শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন। তিনি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন ঘোষণা করেন।এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দেশব্যাপী গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে। ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো একজন জনপ্রিয়, শিক্ষিত ও গ্রহণযোগ্য প্রার্থী—যিনি এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি, পৌর বিএনপি, জেলা ছাত্রদল, যুবদল, তাঁতি দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উদ্বোধনী অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় এবং নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।বক্তারা বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় তারা নির্বাচনী কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।