এম এ মজিদ নওগাঁ প্রতিনিধি।
নওগাঁয় ট্রাক ডাকাতির ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় অপহৃত ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধারসহ ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।পুলিশ জানায়, গত ২২ জানুয়ারি দিনাজপুর জেলার বদরগঞ্জ এলাকা থেকে ট্রাকচালক মারুফ ও তার হেলপার শামীম একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট ১৬-০১৩৮) করে ২৫০ বস্তায় ৫০০ মন ধান নিয়ে নওগাঁর উদ্দেশে রওনা দেন। পরদিন ২৩ জানুয়ারি রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে নওগাঁ সদর থানার কীর্ত্তিপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের একটি ফাঁকা সড়কে পৌঁছালে ডাকাতদল তাদের পথরোধ করে।ডাকাতরা ট্রাকটির গ্লাস ভেঙে চালক ও হেলপারকে মারধর করে রশি দিয়ে হাত-পা বেঁধে ট্রাকসহ ধান লুট করে নিয়ে যায়। এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারায় মামলা (নং-৩৯, তারিখ-২৩/০১/২০২৬) দায়ের করা হয়।ঘটনার পরপরই নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলামের নির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখাকে তদন্তে নামানো হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় বগুড়ার শিবগঞ্জ থানাধীন মোকামতলা তদন্ত কেন্দ্র থেকে প্রথমে মো. আরিফুল ইসলাম আরিফ (৩০) নামে এক ডাকাতকে আটক করা হয়।তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও সাদুল্যাপুর এলাকায় অভিযান চালিয়ে গোলাপ (২৪) ও লাভলু (২৮) নামে আরও দুই ডাকাতকে গ্রেফতার করা হয়। পরে ঢাকার আশুলিয়া, সাভার ও কামরাঙ্গীরচর এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে রাকিব হোসেন শরীফ (২৭), রফিকুল ইসলাম অপু (৩১) ও সাজিদুল ইসলাম সবুজ (২৩) নামে আরও তিনজনকে গ্রেফতার করা হয়।এ ঘটনায় মোট ছয়জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক (বগুড়া-ঢ ১১-১৯৮১) জব্দ করা হয়।নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন,“ঘটনার পরপরই আমরা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখি। জেলা গোয়েন্দা শাখা ও থানা পুলিশের সমন্বিত অভিযানে ৪৮ ঘণ্টার মধ্যেই ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার এবং লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।”তিনি আরও বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত চলবে।উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে ডাকাতদের ব্যবহৃত ৪টি বাটন মোবাইল, ৩টি স্মার্টফোনসহ মোট ৭টি মোবাইল ফোন।