ঝালকাঠি জেলা প্রতিনিধি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুটি সংসদীয় আসনে চারজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ২০ জানুয়ারি ঝালকাঠি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সূত্রে জানা যায়, ঝালকাঠি-১ আসনে মাহমুদা আলম মিতু জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) , মুহাম্মদ মুস্তাফিজুর রহমান বাংলাদেশ লেবার পার্টির এবং মোঃ গোলাম আজম স্বতন্ত্র প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেন। ঝালকাঠি-২ আসনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন শেখ জামাল হোসেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।ইসি ঘোষিত তপশিল অনুযায়ী ২০ জানুয়ারি ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আগামীকাল ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনী প্রচার-প্রচারণা।ঝালকাঠি জেলার দুটি আসনে একাধিক প্রার্থীর সরে দাঁড়ানোর ফলে নির্বাচনী সমীকরণে পরিবর্তন এসেছে বলে মনে করছেন স্থানীয় রাজনীতিকরা। তাদের মতে, এতে করে মাঠে থাকা প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা আরও স্পষ্ট হবে।আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রস্তুতি জোরদার করেছে।