• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

স্বাধীনতা পরবর্তী প্রথমবার সনাতন অধ্যুষিত ভীমরুলীতে বিএনপি কার্যালয় উদ্বোধন

মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।।
Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।।

ঝালকাঠী সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলী ১ নম্বর ওয়ার্ডে স্বাধীনতার পর এই প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ওয়ার্ড কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত এলাকায় এ কার্যালয় উদ্বোধনকে স্থানীয়ভাবে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে।মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৫টায় ওয়ার্ড বিএনপি কার্যালয় উদ্বোধন করেন ঝালকাঠী জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন। এ উপলক্ষে সন্ধ্যা ৬টায় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ভীমরুলী ওয়ার্ড বিএনপির সভাপতি সুশেন হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠী সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) অ্যাডভোকেট মো. মিজানুর রহমান মুবিন, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি বাবু চন্দন পোদ্দার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কীর্তিপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনিসুজ্জামান চপল, ঝালকাঠী পৌর বিএনপির সহ-সভাপতি বাবু বিষ্ণু চন্দ্র ধর এবং কীর্তিপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক প্লেট।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঝালকাঠী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম সাকি, সদর উপজেলা জাতীয়তাবাদী পূজা উদযাপন শৃঙ্খলা ও পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক বাবু পবিত্র বড়াল, প্রবীণ শিক্ষক ও ভীমরুলী ওয়ার্ডের প্রতিষ্ঠাকালীন বিএনপি নেতা বঙ্কিম মিস্ত্রী এবং নারী নেত্রী দীপালী হালদার।আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি সবসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা ও অধিকার রক্ষায় বিশ্বাসী। ৫ আগস্ট পরবর্তী সময়ে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা এবং নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালনে সহযোগিতার জন্য ভীমরুলী ওয়ার্ডের সনাতন সম্প্রদায়ের মানুষ বিএনপিকে ধন্যবাদ জানান এবং দলের সঙ্গে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।বিএনপি নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দল সবসময় সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থাকবে এবং তাদের সঙ্গে নিয়েই একটি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।উল্লেখ্য, স্বাধীনতা পরবর্তী সময়ে সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত ভীমরুলী ওয়ার্ডে এই প্রথম বিএনপির আনুষ্ঠানিক কার্যালয় উদ্বোধন করা হলো।


এ বিভাগের আরও সংবাদ