মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।।
ঝালকাঠি, ২ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি ২ (ঝালকাঠি সদর ও নলছিটি) আসনের বিএনপি প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন, তিনি নির্বাচিত হলে নদী ভাঙন রোধ, মাদকমুক্ত সমাজ গঠন এবং শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন কার্যক্রম শুরু করবেন।বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “মাদক প্রতিরোধে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করা হবে এবং শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থায় বিশেষ নজর দেওয়া হবে।” তিনি আরও বলেন, তার নেতা-কর্মীরা নির্বাচনী আচরণবিধি মেনে চলবে এবং জুলাই সনদে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কাজ করবে।ইলেন ভুট্টো ঝালকাঠি ২ আসনে ২০০১ সালে বিএনপির মনোনয়ন নিয়ে জয়ী হন। স্বামী জাতীয় পার্টির সংসদ সদস্য জুলফিকার আলী ভুট্টো’র মৃত্যুর পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। এবারের নির্বাচনে তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।ঝালকাঠি ২ আসনে ভোটার সংখ্যা ৩৬৫,৩৯৬ জন, যার মধ্যে প্রথমবার ভোট দেবেন অনেক তরুণ। এই আসনে বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াত ইসলামের এস এম নেয়ামুল করীম, ইসলামী আন্দোলনের মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজি, এনপিপির ফোরকান হোসেন, জেএসডির মাসুুদ পারভেজ, গণঅধিকার পরিষদের মাহমুদুল ইসলাম সাগর এবং দুইজন স্বতন্ত্র প্রার্থী।