ঢাকা থেকে মোঃ শহীদুল ইসলাম জিয়া ।
ভুল চিকিৎসার কারণে পা হারিয়ে পথে বসেছেন মোঃ কবির হোসেন (৪৫) নামের এক ভুক্তভোগী—এমন অভিযোগ তুলে ক্ষতিপূরণ ও দোষী চিকিৎসকের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।ভুক্তভোগী কবির হোসেন জানান, প্রায় ৭ মাস আগে দুই পায়ে তীব্র ব্যথা অনুভব করলে চিকিৎসার জন্য তিনি ঢাকা পঙ্গু হাসপাতালের হাড়জোড়া, মেরুদণ্ড বিশেষজ্ঞ ও অর্থপেডিক্স সার্জন ডাঃ মোঃ মোজাম্মেল হক (বাবু)-এর শরণাপন্ন হন। চিকিৎসক যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় অবস্থিত সেফ এইড জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে বসে তাকে চিকিৎসা প্রদান করেন বলে অভিযোগ করেন কবির হোসেন।কবির হোসেন আরও জানান, চিকিৎসা নেওয়ার কয়েক দিনের মধ্যেই তার পায়ের রগ ছিঁড়ে যায় এবং পায়ে মারাত্মক ক্ষত সৃষ্টি হয়। অবস্থার অবনতি হলে তিনি অন্যত্র চিকিৎসা নিতে চাইলে অভিযুক্ত চিকিৎসক তাকে নিরুৎসাহিত করেন। এতে সময়মতো সঠিক চিকিৎসা না পাওয়ায় ধীরে ধীরে পায়ের অবস্থা আরও খারাপ হতে থাকে। বর্তমানে তিনি প্রায় পঙ্গু অবস্থায় জীবনযাপন করছেন।এই ভুল চিকিৎসার প্রতিবাদ, ক্ষতিপূরণ এবং অভিযুক্ত চিকিৎসকের উপযুক্ত বিচারের দাবিতে মঙ্গলবার ঢাকা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগী ও তার স্বজনরা।উল্লেখ্য, কবির হোসেন ঢাকা জেলার কদমতলী থানার ১১৮ মুরাদপুর এলাকার বাসিন্দা এবং তিনি মোঃ আফজাল হোসেনের ছেলে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।