• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

দাখিল পরীক্ষার হল সুপার হতে মরিয়া ঝালকাঠি সদরের ওলামা লীগের সভাপতি 

ঝালকাঠি জেলা প্রতিনিধি :
Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

ঝালকাঠি জেলা প্রতিনিধি ।

 

ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী ওলামা লীগের সভাপতি ও পূর্ব বিন্নাপাড়া এইচ এ দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ আসাদুজ্জামান আসন্ন দাখিল পরীক্ষায় হল সচিব বা হল সুপার হিসেবে দায়িত্ব পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন—এমন অভিযোগ উঠেছে। এ নিয়ে জেলার বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, মোহাম্মদ আসাদুজ্জামান তেরআনা শাহ মাহমুদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ, আজহারিয়া দাখিল মাদ্রাসার সুপারসহ একাধিক মাদ্রাসা প্রধানের কাছে দৌড়ঝাঁপ চালাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও প্রভাবশালী মহলের কাছেও তিনি তদবির করছেন বলে অভিযোগ রয়েছে।স্থানীয় সূত্র দাবি করছে, ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে মোহাম্মদ আসাদুজ্জামান ‘অদৃশ্য শক্তির প্রভাবে’ ঝালকাঠির এন এস কামিল মাদ্রাসার দাখিল পরীক্ষা কেন্দ্রে দীর্ঘদিন ধরে হল সচিব বা হল সুপার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। একইভাবে ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত অনুষ্ঠিত বিভিন্ন নির্বাচনে তিনি প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন বলেও অভিযোগ রয়েছে।এছাড়াও তার বিরুদ্ধে নির্বাচনের সময় আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে ভোট কারচুপি ও অনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে। অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে সাতজন আওয়ামী লীগের দোসরের বিরুদ্ধে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দাখিল করা হলে তাদের নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। ওই তালিকায় মোহাম্মদ আসাদুজ্জামান চতুর্থ স্থানে রয়েছেন বলে জানা গেছে।বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারদের দাবি, বিতর্কিত ও রাজনৈতিকভাবে সক্রিয় একজন ব্যক্তিকে দাখিল পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলে কেন্দ্রে বিশৃঙ্খলা ও অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই তাকে বাদ দিয়ে একজন অভিজ্ঞ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য অধ্যক্ষ বা সুপারকে এন এস কামিল মাদ্রাসার দাখিল পরীক্ষার হল সচিব বা হল সুপার হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।এ বিষয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধানরা।


এ বিভাগের আরও সংবাদ