ঢাকা জেলা প্রতিনিধি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অফলাইনেও মিলবে সংবাদ সংগ্রহের কার্ড আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের কার্ড ইস্যু সংক্রান্ত সিদ্ধান্তে পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। সাংবাদিকদের পক্ষ থেকে ব্যাপক দাবি ও বাস্তব সমস্যার কথা বিবেচনায় নিয়ে অনলাইনের পাশাপাশি অফলাইন পদ্ধতিতেও সাংবাদিকদের জন্য কার্ড প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।এর আগে শুধুমাত্র অনলাইন পদ্ধতিতে কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে দেশের বিভিন্ন জেলা ও মফস্বল এলাকার সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ দেখা দেয়। ইন্টারনেট সমস্যাসহ নানা কারিগরি জটিলতার কথা তুলে ধরে সাংবাদিক সংগঠন ও মাঠপর্যায়ের সংবাদকর্মীরা ইসির কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।সাংবাদিকদের সেই যৌক্তিক দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন নতুন করে বিষয়টি পর্যালোচনা করে অনলাইন ব্যবস্থার পাশাপাশি অফলাইনেও কার্ড প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে। ফলে জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য নির্বাচন ও গণভোট কাভারেজে অংশগ্রহণ আরও সহজ ও নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।সাংবাদিক মহল ইসির এই সিদ্ধান্তকে সময়োপযোগী, বাস্তবসম্মত ও সাংবাদিকবান্ধব পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে। তারা আশা প্রকাশ করেছেন, এ সিদ্ধান্তের মাধ্যমে নির্বাচন ও গণভোট সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং প্রচারে কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকবে না।