দৈনিক যায়যায় বেলা।।
ঝালকাঠি পৌর এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে বিএনপির ৩১ দফা ও তারেক রহমানের পরিকল্পনা তুলে ধরে ভোটারদের কাছে ভোট চান নেতাকর্মীরা।৯ নম্বর ওয়ার্ডে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন নেতাকর্মীদের দলে ভাগ করে দিকনির্দেশনা দেন। সন্ধ্যায় বান্ধাঘাট এলাকা থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাধনার মোড়ে প্রধান নির্বাচনী কার্যালয়ের সামনে পথসভা অনুষ্ঠিত হয়।৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রফিক হাওলাদারের সভাপতিত্বে ও সম্পাদক মো. কুদ্দুস ঘরামীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিনসহ জেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা। এতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের “সাম্য ও মানবিক বাংলাদেশ” গঠনের লক্ষ্যে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। গণসংযোগ ও মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের তিন শতাধিক নেতাকর্মী অংশ নেন।