ঝালকাঠি প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে ঝালকাঠি–২ (নলছিটি–রাজাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ রাজ্জাক আলী (রাজ্জাক সেলিম) ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেছেন।বুধবার ২৯ জানুয়ারি তিনি ঝালকাঠির নলছিটি উপজেলার কুশাঙ্গল ইউনিয়নের মানপাশা, শরমহল বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় ও গণসংযোগ করেন। এ সময় তিনি নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান।গণসংযোগকালে রাজ্জাক সেলিম বলেন,“আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। অতীতে উপজেলা চেয়ারম্যান হিসেবে এলাকার উন্নয়নে কাজ করেছি। ইনশাআল্লাহ, নির্বাচিত হলে ঝালকাঠি–২ আসনকে একটি উন্নত, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব এলাকায় রূপান্তর করবো।”তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থান সৃষ্টি তার অগ্রাধিকার থাকবে। বিশেষ করে যুব সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রেখে কর্মমুখী করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।গণসংযোগকালে বাজারের ব্যবসায়ী, কৃষক, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন রাজ্জাক সেলিম। এ সময় স্থানীয় জনগণ তাকে ঘিরে উষ্ণ অভ্যর্থনা জানায় এবং অনেকেই তার প্রতি সমর্থন প্রকাশ করেন।স্থানীয়রা জানান, একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ হিসেবে রাজ্জাক সেলিম এলাকায় বেশ জনপ্রিয়। দীর্ঘদিন ধরে তিনি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকায় সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।গণসংযোগে তার সঙ্গে বিভিন্ন স্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।