কাঠালিয়া থেকে মোঃ রাজিব খান
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা বাজারে ২৬ জানুয়ারি রাত ১১:০৫ মিনিটে পুলিশের সঙ্গে সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ দুইজনকে আটক করা হয়েছে। অভিযানটি গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত হয়।আটককৃতরা হলেন—বলতলা এলাকার নবীন মিয়ার ছেলে তাইজুল ইসলাম এবং আনোয়ার হোসেনের ছেলে শোহেল আকন।পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের নেতৃত্ব দেন সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল সাইফুল, এবং অভিযানে অংশ নেন ক্যাপ্টেন তানভির ও ক্যাপ্টেন মো. জুনাইদুল ইসলাম অনিক। অভিযানকালে আটককৃতদের কাছ থেকে বিভিন্ন ধরনের অবৈধ সামগ্রী জব্দ করা হয়।উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে:৬টি দেশীয় অস্ত্র ৮৮ পিস ইয়াবা ৩৬০ গ্রাম গাঁজা ইয়াবা সেবনের একটি সামগ্রী ফেনসিডিলের ২টি বোতল একটি জাতীয় পরিচয়পত্র ও একটি এটিএম কার্ড ৪টি মোবাইল ফোন নগদ ১১,৮৪৪ টাকা পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় এবং অস্ত্র বহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অনুসন্ধান করা হচ্ছিল অভিযানকালে তাদের অবৈধ কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়।২৭ জানুয়ারি, আটককৃত দুই আসামিকে কাঠালিয়া থানা পুলিশ আদালতে সোপর্দ করে। কাঠালিয়া থানার পুলিশ পরিদর্শক হারান চন্দ্র পাল জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেনাবাহিনীর সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করেছি। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”তিনি আরও বলেন, “আমরা এমন অভিযান অব্যাহত রাখব যাতে এলাকায় মাদক ও অস্ত্র-সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে আসে এবং সাধারণ মানুষ নিরাপদে জীবনযাপন করতে পারে।”এই অভিযানের ফলে কাঠালিয়া উপজেলার বলতলা বাজারে মাদক ও অস্ত্র পরিবেশনে গুরুত্বপূর্ণ বার্তা যায়। স্থানীয়রা পুলিশ ও সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন, তাদের দাবি, এমন অভিযান নিয়মিত চালানো হলে সমাজে অপরাধ কমানো সম্ভব।