দৈনিক যায়যায় বেলা।
ঝালকাঠির নলছিটিতে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য মাদকসহ চারজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে মাদক সেবনের সরঞ্জাম, নগদ টাকা ও দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়।জানা গেছে, রবিবার (২৫ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নলছিটিতে অবস্থিত সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর ও সেকেন্ড ইন কমান্ড ক্যাপ্টেন সাইয়ারের নেতৃত্বে উপজেলার দপদপিয়া ইউনিয়নের জিরোপয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে আটক ব্যক্তিরা হলেন দপদপিয়া ইউনিয়নের দপদপিয়া গ্রামের মৃত আমির আলী সিকদারের ছেলে রাকিব সিকদার (৩৫),তিমিরকাঠি গ্রামের মো. জালালের ছেলে শিপন হোসেন (৩৭), মোহাম্মদ আলী তালুকদারের ছেলে সোহাগ তালুকদার (৩৭) ও ভরতকাঠি গ্রামের মো. মোতাহার আলী সিকদারের ছেলে বশির সিকদার (৩৪)।তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ২৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম বিদেশি তামাক, গাঁজা প্রস্তুতকারী সরঞ্জাম, একাধিক মোবাইল ফোন, তিনটি দেশি ও বিদেশি অস্ত্র, নগদ অর্থ, একটি ড্রাইভিং লাইসেন্স এবং ৮টি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উদ্ধার করা হয়।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের নলছিটি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।