ঝালকাঠি থেকে মোল্লা শাওন ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর তিন মাসের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় সংবর্ধনা সভায় ঝালকাঠি থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী যোগ দিচ্ছেন। জেলা বিএনপি ও বিএনপি মনোনীত প্রার্থীদের উদ্যোগে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে আগামী ২৪ ডিসেম্বর সন্ধ্যায় ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশে তিনটি বড় যাত্রীবাহী লঞ্চ ছেড়ে যাবে। এর আগে ২১ ডিসেম্বর থেকেই অনেকে নিজ নিজ উদ্যোগে ঢাকায় যাত্রা শুরু করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় পৌঁছাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে তিনি রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এ সমাবেশকে ঘিরে ঝালকাঠির বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উচ্ছ্বাস লক্ষ করা যাচ্ছে।দলীয় সূত্রে জানা গেছে, ঝালকাঠি সদরের লঞ্চঘাট, কাঠালিয়া, রাজাপুর, নলছিটি ও দপদপিয়াসহ বিভিন্ন স্টেশন থেকে নেতাকর্মীরা লঞ্চযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন। আগামী ২৪ ডিসেম্বর সন্ধ্যায় ঝালকাঠি সদরের লঞ্চ ঘাট থেকে দুটি বড় যাত্রীবাহী লঞ্চ এবং কাঠালিয়া থেকে ঝালকাঠি হয়ে একটি বড় লঞ্চ ঢাকার উদ্দেশে রওনা হবে। পথে নলছিটি লঞ্চ ঘাট, দপদপিয়াসহ বিভিন্ন স্টেশনে থেমে নেতাকর্মীদের নিয়ে লঞ্চগুলো রাতভর যাত্রা করে পরের দিন সকালে ঢাকায় পৌঁছাবে। এ ছাড়া সড়ক পথে ঝালকাঠি বাসস্ট্যান্ড, কাঁঠালিয়া, রাজাপুর ও নলছিটি থেকে বাসে করে অসংখ্য নেতাকর্মীরা ঢাকায় যাবেন।