নিজস্ব প্রতিবেদক দৈনিক যায়যায় বেলা
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় দৈনিক যায়যায় বেলার প্রতিনিধি মোঃ ঝুটন মিয়াকে নিয়ে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই মহলটি একাধিক ফেক আইডি তৈরি করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর পেশাগত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে দৈনিক যায়যায় বেলার পত্রিকা ও আইপি টেলিভিশনে মোঃ ঝুটন মিয়া নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। তাঁর প্রকাশিত সংবাদে বিভিন্ন সময় অনিয়ম ও দুর্নীতির চিত্র উঠে আসায় একটি স্বার্থান্বেষী মহল ক্ষুব্ধ হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় সামাজিক মাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে।অভিযোগে আরও বলা হয়, এসব অপপ্রচারের কোনো সত্যতা নেই এবং এগুলো জনমনে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি একজন দায়িত্বশীল সাংবাদিককে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে করা হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।এ বিষয়ে মোঃ ঝুটন মিয়া বলেন, “আমি যতদিন এই সাংবাদিকতার পেশায় আছি দৈনিক যায়যায় বেলা পত্রিকার পরিবারের সাথে আছি। এবং সবসময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অটল। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে ফেক আইডির মাধ্যমে আমার সম্মানহানি করার চেষ্টা করছে। আমি এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”সাংবাদিক সংগঠন ও সচেতন মহল অবিলম্বে এই অপপ্রচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং একজন পেশাদার সাংবাদিকের নিরাপত্তা ও সম্মান রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।