ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে ছাগল নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তির বাড়িতে হামলা, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী মোঃ পারভেজ হোসেন বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করে ঝালকাঠি সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, ঝালকাঠি সদর উপজেলার শংকরধবল গ্রামের বাসিন্দা মোঃ পারভেজ হোসেনের (৩২) পালিত ছাগল প্রায়ই প্রতিবেশী ইমরান হাওলাদার ও সাগর হাওলাদারের বাড়িতে চলে যেত। এ নিয়ে তাদের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল।অভিযোগে পারভেজ উল্লেখ করেন, গত ২০ নভেম্বর, ২০২৫ তারিখে তার ছাগল বিবাদীদের বাড়িতে গেলে ১নং বিবাদী ইমরান হাওলাদার তাকে ফোন করে বিষয়টি জানান। পারভেজ তাকে বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত করেন।এর জের ধরে পরদিন ২১ নভেম্বর, ২০২৫ তারিখ, শুক্রবার সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে পারভেজ বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্ত ইমরান হাওলাদার (২৮), সাগর হাওলাদার (২২), আলম হাওলাদার (৪০), রাজিব হাওলাদার (৩৫) এবং মন্টু হাওলাদার (৩৩) সহ অজ্ঞাতনামা আরও কয়েকজন তার বাড়িতে এসে তার বাবা-মাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।পারভেজের মা, মোসাঃ শিউলী বেগম, এর প্রতিবাদ করলে বিবাদীরা আরও উত্তেজিত হয়ে তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি আত্মরক্ষার্থে হাতে থাকা একটি বাঁশের লাঠি দিয়ে ১নং বিবাদীর পায়ে আঘাত করলে সকল বিবাদীরা একত্রিত হয়ে তার উপর হামলা চালায় এবং তার বসতঘরে ভাঙচুর শুরু করে। অভিযোগে বলা হয়, হামলাকারীরা ঘরের টিনের বেড়া, জানালা ও দরজা পিটিয়ে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি সাধন করে।অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ঘরের ভেতর থাকা একটি ট্রাংক লুট করে নিয়ে যায়, যাতে নগদ ৩২,০০০ টাকা ছিল। এসময় পারভেজের বাবা-মায়ের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।পরে পারভেজ হোসেন তার মায়ের কাছ থেকে মোবাইল ফোনে ঘটনাটি জানতে পারেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করতে আসেন।ঝালকাঠি সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) জানিয়েছেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।