দৈনিক যায়যায় বেলা ঝালকাঠি প্রতিনিধি।।
ঝালকাঠি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৮ (আট) কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।ডিবি সূত্রে জানা যায়, বুধবার (২৯ অক্টোবর ২০২৫) দুপুর ৩টা ১০ মিনিটে এসআই (নিঃ) মোঃ হারুনার রশিদের নেতৃত্বে ঝালকাঠি ডিবির একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, নবগ্রাম এলাকায় জনৈক রিয়াজুল হক মোল্লার বাড়ির সামনে এক নারী মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।সংবাদ পেয়ে বিকেল ৩টা ৩০ মিনিটে ডিবি পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে প্রথমে সন্দেহভাজন নারী নাছিমা বেগম (৫৪)-কে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঝালকাঠি পৌরসভার ১নং ওয়ার্ডের বিকনা গ্রামে জনৈক রুবেল তালুকদারের ভাড়া বাসায় অভিযান চালানো হয়।অভিযানের সময় ঘরের ভেতর থাকা অপর দুই আসামী — ছখিনা বেগম (৪০), পিতা মৃতঃ আব্দুল মান্নান মোল্লা, সাং-মোচনা, গোপালগঞ্জ ও বিলাশ (৩০), পিতা মৃতঃ ওমর আলী হাওলাদার, সাং-দিয়ারচর, বাকেরগঞ্জ, বরিশাল — ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদেরও আটক করা হয়।পরে উপস্থিত সাক্ষীদের সামনে নাছিমা বেগম তার ভাড়া বাসার নিচতলার পূর্ব পাশের রুমের আলনার নিচ থেকে কালো রঙের একটি ট্রাভেল ব্যাগ বের করেন। ব্যাগের ভেতর থেকে বাদামি রঙের কস্টেপে মোড়ানো ৪ কেজি ও ২ কেজি ওজনের দুটি প্যাকেটসহ মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তার হেফাজত থেকে আরও ২ কেজি গাঁজা উদ্ধারসহ মোট ৮ (আট) কেজি মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়।উদ্ধারকৃত গাঁজা ও আসামীদের উপস্থিত সাক্ষীদের সামনে রাত ৯টা ২০ মিনিটে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।এ বিষয়ে এসআই (নিঃ) মোঃ হারুনার রশিদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সফল অভিযান পরিচালনা করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”পুলিশ জানায়, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।